বগুড়ায় ভুয়া সাংবাদিক আটক, আইডি কার্ড কিনেছিলেন দুই হাজার টাকায়
স্টাফ রিপোর্টার: বগুড়া শহরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেসরকারি হাসপাতালে প্রভাব বিস্তার ও অনৈতিক চাপ প্রয়োগকারী এক যুবককে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা প্রেস আইডি কার্ডটি ভুয়া বলে প্রমাণিত হয়।
ঘটনাটি ঘটে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরের মফিজ পাগলার মোড়স্থ ইসলামী হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যায়, আজিজুল হক রাজু নামের ওই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হাসপাতালের স্টাফদের সাথে খারাপ আচরণ করেন এবং অনৈতিক চাপ প্রয়োগ করতে থাকেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে হাসপাতাল কর্তৃপক্ষ ‘অপসাংবাদিকতা প্রতিরোধ কমিটি’ ও সাংবাদিক নেতাদের খবর দেন।
খবর পেয়ে ‘অপসাংবাদিকতা প্রতিরোধ কমিটির’ আহ্বায়ক গণেশ দাস, সদস্য সাইফুল ইসলাম ও ফেরদৌসুর রহমান এবং ‘সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
সেখানে উপস্থিত সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে আজিজুল হক রাজু স্বীকার করেন যে, তিনি যে ‘আজকের খবর’ পত্রিকার পরিচয়পত্র ব্যবহার করছেন তা সম্পূর্ণ ভুয়া এবং এই নামে কোনো পত্রিকা বা বৈধ প্রকাশনা নেই। তিনি মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই আইডি কার্ডটি ক্রয় করেছিলেন।
এমনকি তিনি ওই কথিত পত্রিকার সম্পাদককে চেনেন না এবং পত্রিকা অফিস বা প্রকাশিত কোনো কপিও কখনো দেখেননি। প্রকৃত পক্ষে তিনি শহরের একটি ভিডিওর দোকানে কাজ করেন বলে জানান। পরবর্তীসময়ে আজিজুল হক রাজু তার অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে আর কখনো জড়িত হবেন না মর্মে মুচলেকা দিয়ে ভুয়া পরিচয়পত্রটি জমা দেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184875