ভারতে পাচারের এক যুগ পর বাংলাদেশি কিশোরী উদ্ধার
লালমনিরহাট প্রতিনিধি: ভারতে পাচারের এক যুগ পর বাংলাদেশি এক কিশোরীকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর ওই কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া ওই কিশোরীর বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। সে জানায়, প্রায় ১২ বছর আগে একটি নারী পাচারকারী দল তাকে ভারতে নিয়ে বেঙ্গালুরুতে বিক্রি করে দেয়।
বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, গত রোববার রাত সাড়ে ৮টায় পাটগ্রাম উপজেলার পানবাড়ী গ্রামের পাইকারপাড়া সীমান্ত এলাকায় দিগ্বিদিক ঘুরে বেড়াচ্ছিল ওই কিশোরী। স্থানীয়রা বিষয়টি পানবাড়ী বিজিবি ক্যাম্পে জানালে বিজিবির সদস্যরা কিশোরীকে উদ্ধার করেন। পরে কিশোরীর দেওয়া পরিচয় ও ঠিকানায় যোগাযোগ করে তার বাবাকে ডাকা হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কিশোরীর বাবা ও তার এলাকার ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ পানবাড়ী বিজিবি ক্যাম্পে এসে কিশোরীকে শনাক্ত করেন। পরে প্রয়োজনীয় যাচাই শেষে বিজিবি ওই কিশোরীকে তার বাবার হাতে তুলে দেয়।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) কথা হলে মেজর এ এফ এম জুলকার নাঈন ঘটনা নিশ্চিত করে বলেন, বিজিবির হেফাজতে থাকা কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184865