বারবার সূচি বদলের পর স্থগিত বাংলাদেশ ফুটবল লিগ

বারবার সূচি বদলের পর স্থগিত বাংলাদেশ ফুটবল লিগ

নানা নাটকীয়তা ও সূচি-বিভ্রাটের পর অবশেষে স্থগিত করা হয়েছে দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর ‘বাংলাদেশ ফুটবল লিগ’। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য ফিফা আশিয়ান কাপে জাতীয় দলের মিশন শেষে আগামী ২ অক্টোবর থেকে আবারও এই লিগ মাঠে গড়াবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর মাঠে গড়িয়েছিল ২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া ফুটবল। তবে খেলা শুরু হলেও বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপের সূচি নিয়ে জটিলতা কাটেনি। মাত্র পাঁচ দিনের ব্যবধানে চারবার ফিকশ্চারে পরিবর্তন আনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সর্বশেষ বুধবার সকালে আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম সিটি এএফসির মধ্যকার ফেডারেশন কাপের ম্যাচটি হুট করে স্থগিত করে বাফুফে।

সূচির এই বিশৃঙ্খলার পেছনে মূলত ক্লাবগুলোর আপত্তি ও বাফুফের পরিকল্পনার অভাবকে দায়ী করা হচ্ছে। প্রথম রাউন্ডে বিরতিতে থাকা মোহামেডানের দাবির মুখে তাদের ম্যাচ পিছিয়ে দেয়া হলে সমতা আনার লক্ষ্যে আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জও নিজেদের ম্যাচ পেছানোর দাবি তোলে। মোহামেডান মাঠে নামার আগে আবাহনী দুই ম্যাচ খেলে ফেলবে—এমন বৈষম্য মানতে রাজি ছিল না আকাশি-হলুদ শিবির।

প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে ক্লাবের আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেয়া এবং পরবর্তীতে ক্লাবগুলোর আপত্তিতে তা ঘনঘন পরিবর্তনের ফলে তৈরি হয় মারাত্মক জটিলতা। মাঠের লড়াই শুরুর আগেই বাফুফে ও ক্লাবগুলোর মধ্যে টানাটানিতে মৌসুমের শুরুতেই চরম অনিশ্চয়তা ও বিভ্রান্তিতে পড়েন খেলোয়াড় এবং সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল লিগ স্থগিত করার পথ বেছে নেয় বাফুফে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184858