ফরিদপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টায় যুবককে ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টায় যুবককে ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরে মাদরাসাছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার মামলায় মিরাজ শেখ (৩৫) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি মিরাজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে জেলার নগরকান্দা উপজেলায় মিরাজ শেখের বাড়ির সামনে খেলছিল শিশুটি। এ সময় কৌশলে তাকে নিজের ঘরে ডেকে নেন মিরাজ। সেখানে নিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মিরাজ শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর আদালতে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই সাজা দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন।

তিনি বলেন, ‘মামলায় মিরাজ শেখের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করেছেন।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184830