চাঁদপুরের হাজীগঞ্জে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পশ্চিম রাজারগাঁও গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ওই গ্রামের খান বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- একই গ্রামের মো. কাউছার খান (৪৩) ও ছেলে মো. পারভেজ খান (২৫)।
দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল হাজীগঞ্জ থানাধীন পশ্চিম রাজারগাঁও গ্রামের খান বাড়িতে অভিযান চালায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান বলেন, অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় প্রসিকিউশন দাখিল করেছেন।