জাতিসংঘে সিএনএনের সাংবাদিক দেখে ক্ষুব্ধ ট্রাম্প

জাতিসংঘে সিএনএনের সাংবাদিক দেখে ক্ষুব্ধ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সিএনএনের সাংবাদিক কাইটলান কলিন্সকে ভর্ৎসনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

জাতিসংঘের সদর দপ্তরে ট্রাম্পকে ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, তা জানতে চান কলিন্স। জবাবে ট্রাম্প বলেন, আপনার এখানে থেকে আমাকে কভার করা উচিত নয়। আপনি বলেছিলেন, আমাকে কভার করবেন না। 

কলিন্স জবাব দেন, জাতিসংঘ স্বাধীনভাবে তাকে এবং সিএনএনকে ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বিতর্কের খবর সংগ্রহের অনুমতি দিয়েছে।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন সিএনএন, পলিটিকো ও এমএস নাউয়ের সাংবাদিকদের হোয়াইট হাউসের প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এর জেরে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও হোয়াইট হাউসের প্রেস কভারেজ নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক তৈরি হয়েছে।

পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কলিন্সকে আরও আক্রমণ করেন ট্রাম্প। তিনি তাকে ‘থার্ড রেট রিপোর্টার’ এবং সিএনএনকে ‘ফেক নিউজ’ বলে উল্লেখ করেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, সংবাদমাধ্যমগুলোর মধ্যে তার প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নিয়ে এক ধরনের ‘আসক্তি’ রয়েছে। তিনি সংবাদমাধ্যমের কর্মীদের ‘অসুস্থ, বিশ্বাসঘাতক ও বিকৃত’ বলেও মন্তব্য করেন।

ট্রাম্প প্রশাসনের প্রেস অ্যাক্সেস বাতিলের সিদ্ধান্তের আওতায় সিএনএনের পাশাপাশি পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকেরাও রয়েছেন। তাদের হোয়াইট হাউস কমপ্লেক্সে কাজ করা এবং ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুমতি বাতিল করা হয়েছে।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংবাদমাধ্যমগুলো আদালতে মামলা করেছে। নির্বাহী ক্ষমতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে ওয়াশিংটনে এ আইনি লড়াই এখনো চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184798