হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধু নিহতের ঘটনায় শোকে স্তব্ধ নেইমার
স্পোর্টস ডেস্ক : একসঙ্গে পাঁচ প্রাণহানি, আর সেই ঘটনায় ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়ে শোকে স্তব্ধ নেইমার। ব্রাজিলের সান্তা ক্যাটারিনা অঙ্গরাজ্যে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ব্রাজিলিয়ান তারকার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী ব্রুনো আভেলার। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচজনের কেউই বেঁচে ফেরেননি।
সিএনএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়। তারা হলেন-ব্যবসায়ী ব্রুনো আভেলার, সংগীতশিল্পী রিক, ভিডিও নির্মাতা পাওলো সোয়ারেস, পাইলট আন্তোনিও এবং সহকারী পাইলট লিওপোলদো। সোমবার সকালে পোর্তো বেলো থেকে সাও জোয়াকিমের উদ্দেশে উড়েছিল হেলিকপ্টারটি। তবে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পিপি-এমজিআর নিবন্ধন নম্বরের বেল ৪৩০ মডেলের হেলিকপ্টারটির মালিক ছিল জেটিএ এমপ্রিনডিমেন্তো এ উরবানিসমো।
দুর্ঘটনার সময় ওই অঞ্চলে ঝড়ের পূর্বাভাস ছিল। হেলিকপ্টারটির খোঁজে পরে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, সামরিক পুলিশ, ব্রাজিলিয়ান বিমানবাহিনী ও স্বেচ্ছাসেবকেরা এতে অংশ নেন। জিপিএস সংকেত পাওয়ার পর ধ্বংসাবশেষ শনাক্ত করতে থার্মাল সেন্সরযুক্ত ড্রোনও ব্যবহার করা হয়। বন্ধুর মৃত্যুর খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার। পুরোনো একটি ভিডিও শেয়ার করে আভেলারকে স্মরণ করেছেন তিনি। ব্রাজিলে ফেরার পর বন্ধুর কাছ থেকে পাওয়া সহযোগিতার কথাও উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেইমার। একই সঙ্গে বন্ধুর আত্মার শান্তি কামনা করেছেন।
আভেলারের সঙ্গে নেইমারের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। শুধু নেইমারই নন, তার বাবা ও পরিবারের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল আভেলারের। নেইমার ইনস্টিটিউটের বিভিন্ন নিলামে অংশ নেয়ার পাশাপাশি নেইমারের ক্লাব সান্তোসের বিপণনসংক্রান্ত বিভিন্ন কাজেও যুক্ত ছিলেন তিনি। আভেলারের মৃত্যুতে শোক জানিয়েছে সান্তোস। ক্লাবটির বিভিন্ন প্রকল্পে, বিশেষ করে ভিলা বেলমিরো সংস্কারে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেছে সান্তোস। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত অন্য চারজনের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184762