এশিয়ান গেমসে টানা তৃতীয় হার বাংলাদেশ নারী হকি দলের
স্পোর্টস ডেস্ক : অভিষেক আসরটা এখন পর্যন্ত বাংলাদেশের নারী হকি দলের জন্য হতাশারই। এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নিয়ে টানা তিন ম্যাচে হেরেছে বাংলাদেশের মেয়েরা। চীনের কাছে ১৩-০ গোলে হারের পর মালয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল তারা। এবার দক্ষিণ কোরিয়ার কাছে হারল ৮-০ গোলে।
বুধবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’র ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ ধরে রাখে শক্তিশালী দক্ষিণ কোরিয়া। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে বাংলাদেশের রক্ষণভাগ। প্রথম কোয়ার্টারেই বাংলাদেশের জালে তিনবার বল পাঠায় তারা। পঞ্চম মিনিটে ছোই জিউনের গোলে শুরু হয় গোল উৎসব। এরপর ১২ ও ১৫ মিনিটে জোড়া গোল করে ব্যবধান বাড়ান পার্ক সুংয়ে।
দ্বিতীয় কোয়ার্টারেও বাংলাদেশের ওপর চাপ ধরে রাখে কোরিয়া। এ সময় আরও তিন গোল হজম করতে হয় বাংলাদেশকে। ২৩ মিনিটে আবারও গোলের দেখা পান পার্ক সুংয়ে। তার পরের সময়ে বাংলাদেশের রক্ষণ ভেঙে আরও গোল করেন পার্ক মিহিয়াং ও কিম সনআ। একই কোয়ার্টারে ছোই জিউনও নিজের দ্বিতীয় গোলটি করেন।
বাকি দুই কোয়ার্টারে গোলের সংখ্যা কিছুটা কমলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল দক্ষিণ কোরিয়ার হাতে। চতুর্থ কোয়ার্টারে আরও একটি গোল করে বাংলাদেশকে ৮-০ ব্যবধানে হারানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা।
তিন ম্যাচে বাংলাদেশের গোলের ব্যবধান এখন ১-২৪। অর্থাৎ প্রতিপক্ষের জালে মাত্র একবার বল পাঠাতে পেরেছে বাংলাদেশ, বিপরীতে নিজেদের জালে হজম করেছে ২৪ গোল।
অভিষেক আসরে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের নারী হকি দলের সামনে। গ্রুপ পর্বে নিজেদের পরের দুই ম্যাচে কাজাখস্তান ও চাইনিজ তাইপের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184755