লালমনিরহাটে ‘মায়ের তরী’র গানের মেলায় নরওয়ের রাষ্ট্রদূত

লালমনিরহাটে ‘মায়ের তরী’র গানের মেলায় নরওয়ের রাষ্ট্রদূত

লালমনিরহাট প্রতিনিধি: শহরের যান্ত্রিক কোলাহল পেরিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার নিভৃত গ্রাম দেওডোবা। এই গ্রামের একটি মেঠো উঠানে বসে চলছে শিশুদের লোকসংগীত ও দেশীয় বাদ্যযন্ত্রের সুরের সাধনা।

কারও ছোট আঙুলে বাজছে দোতারা, কারও হাতে একতারা। এসব বাদ্যযন্ত্রে বাতাসে ভেসে আসছে ভাওয়াইয়া, লালন, বাউল, মুর্শিদী কিংবা মারফতি গানের মরমি সুর। শেকড়সন্ধানী এই শিশুদের গানের টানেই সুদূর নরওয়ে থেকে ছুটে এসে আদিতমারীর এই গ্রামীণ সাংস্কৃতিক পরিসরে দাঁড়িয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন।

গতকাল সোমবার সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারীতে প্রতিষ্ঠিত স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘মায়ের তরী’র কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই গানের সুরে মিলিত হন। এ সময় রাষ্ট্রদূত শিশুদের লোকসংগীত চর্চা, লোকবাদ্যযন্ত্রের প্রশিক্ষণ এবং সংগঠনটির সামগ্রিক কর্মকাণ্ড ঘুরেও দেখেন।

‎এ সময় উপস্থিত ছিলেন, নরওয়ে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, প্রোগ্রাম অফিসার শাহপার সেলিম, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার গুঞ্জন বিশ্বাস, স্ট্রমী ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান, ‘মায়ের তরী’র সভাপতি প্রমোদ চন্দ্র বর্মণ, নির্বাহী পরিচালক সুজন কুমার বেদ, উপদেষ্টা পিন্টু সাহা এবং সংগঠনের অন্যতম সংগঠক ইউসুফ আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184739