চাঁপাইনবাবগঞ্জে ১২টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ১২টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় একটি বাড়ির আধাপাকা পরিত্যক্ত ঘর থেকে ১২টি ককটেল দু’দফায় উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। পুলিশ জানায়, গতকাল সোমবার বেলা ২টায় রাণীহাটী ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড জামতলা চৌধুরী মোড় এলাকায় একটি বাড়ির পরিত্যক্ত ঘরের মেঝের মাটি খোঁড়ার কাজ করছিলেন ওই বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন।

এসময় একটি ককটেল বিস্ফোরিত হয় এবং একটি বালতিতে ৫টি ককটেল দেখতে পেয়ে তিনি ‘৯৯৯’ নম্বারে পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ বেলা সাড়ে ৩টায় ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে একটি বালতিতে রাখা ৫টি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এরপরই বাড়ির মালিক আবারও ককটেলসহ আরেকটি বালতির কথা জানালে পুলিশ আবারও ঘটনাস্থলে গিয়ে ৭টি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, কে বা কারা কেন ওই ঘরে ককটেল মজুত করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয় নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184728