বগুড়ায় ৪টি ইজিবাইক লুটের অভিযোগ
স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের গোকুল মহাসড়ক সংলগ্ন একটি গ্যারেজ থেকে ৪টি ইজিবাইক লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে এঘটনা ঘটে। তবে সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, ওই এলাকায় দুইপক্ষের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ রয়েছে। জায়গা নিয়ে দুপক্ষই থানায় অভিযোগ করেছেন। তাই পুর্ব বিরোধের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে । ইজিবাইক চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযোগ করা হয়েছে, বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে মহাসড়ক সংলগ্ন ‘পায়েল গ্যারেজ’টি দীর্ঘ ৭ বছর ধরে পরিচালনা করে আসছেন মৃত ছলিম উদ্দিনের পুত্র এরশাদ হোসেন খোকা (৬০)। প্রতিদিনের মতো সোমবার রাত ১১টায় গ্যারেজটি বন্ধ করে তিনি ভেতরেই ঘুমাচ্ছিলেন।
গভীর রাতে দুর্বৃত্তরা কৌশলে গ্যারেজের পেছনের টিন কেটে ভেতরে প্রবেশ করে। তারা ঘুমন্ত এরশাদ হোসেন খোকাকে প্রথমে গামছা দিয়ে গলায় ফাঁস ও হাত-পা রশি দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। খোকা মিয়া চিৎকার করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে এবং গামছা দিয়ে গলা শক্ত করে চেপে ধরে। একপর্যায়ে তারা গ্যারেজ থেকে একে একে ৪টি ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
পরে ভোরবেলায় সিএনজি অটোরিকশার মালিক আলী আজম তার গাড়ি নিতে গ্যারেজে আসেন। গ্যারেজে প্রবেশ করে তিনি গ্যারেজের মালিক খোকা মিয়াকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান। দ্রুত তার বাঁধন খুলে দেওয়ার পর ভুক্তভোগী খোকা মিয়া পুরো ঘটনা খুলে বলেন। পরে এব্যাপারে সদর থানায় অভিযোগ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184723