বগুড়ার গাবতলীতে দুই দই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন অপরাধে দুটি দই কারখানাকে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মগার মোড় ও তেঁতুলগাছি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় দুই ভাই দই ঘরকে ১৫ হাজার টাকা এবং লতিফ মিয়া নামের এক ব্যক্তির কারখানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ভাই দই ঘর এর বিরুদ্ধে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সংবলিত লেবেল ব্যবহার না করা, নিজস্ব প্রতিষ্ঠানের নাম ব্যবহার না করে অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করা এবং যথাযথ ঘোষণা না দিয়ে গুঁড়া দুধ ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে লতিফ মিয়ার কারখানার বৈধ ট্রেড লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দই উৎপাদন করার অপরাধে লতিফ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184694