কুষ্টিয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

কুষ্টিয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

কুষ্টিয়া শহরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চায়না রানী বিশ্বাস নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী বিদ্যুত কুমার বিশ্বাস।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে শহরের ফোরলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চায়না রানীর বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতলা পাড়ায়।

বিদ্যুত কুমার বিশ্বাস বিশ্বাস জানান, স্ত্রী চায়না রানী বেশ কিছুদিন ধরে অসুস্থ। স্ত্রীকে চিকিৎসক দেখানোর উদ্দেশে সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে রওনা হন তিনি।

পথে জেলা শহরের প্রবেশ মুখে বিআরবি কেবলসের সামনে জমি জটিলতায় ফোরলেন সড়কের একপাশের কাজ শেষ হয়নি। ফলে অন্যদের মতো বাধ্য হয়ে উল্টো রাস্তায় ঢুকে পড়েন বিদ্যুত কুমার বিশ্বাস।
এ সময় একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চায়না রানীকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যান। চালক ও ট্রাকটি শনাক্তে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184649