রেলস্টেশনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
মফস্বল ডেস্ক : রেলস্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, ঢাকাসহ সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও তাণ্ডবের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল বগুড়া শাখার উদ্যোগে বগুড়া রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মী ও রেলওয়ের শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল বগুড়া শাখার সভাপতি শুকুর আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন মাষ্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাজেদুল রহমান সাজু, বগুড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান আলী, সম্পাদক আব্দুল জলিল, শ্রমিক দল বগুড়া শাখার সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, জয়েন্ট সেক্রেটারি মনির হোসেন, সহ-সম্পাদক নূরে আলম সিদ্দিকী (সাব্বির), প্রচার সম্পাদক সানোয়ার মন্ডলসহ সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তারা এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184616