বগুড়ায় ট্রাকের ধাক্কায় ফুটো তেলের লরি, মহাসড়কে ছড়াল তেল

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ফুটো তেলের লরি, মহাসড়কে ছড়াল তেল

শহর প্রতিনিধি: রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়া মহানগরের তেলিপুকুর এলাকায় সোমবার রাতে নিরালা ফিলিং স্টেশনের সামনে একটি ওয়েল ট্যাংকারকে পেছন থেকে ধাক্কা দেয় অপর একটি চলন্ত ট্রাক। এতে ট্যাংকারের পেছনের অংশে বড় একটি ফুটো হয়ে মহাসড়কের মূল লেন ও পাশের সার্ভিস লেনে ছড়িয়ে পড়ে ট্যাংকারে থাকা পরিশোধিত রাইস ব্রান তেল। তবে এই সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিরালা ফিলিং স্টেশনে তেল নিতে আসা মানিক এক্সপ্রেস বাসের সহকারী ও প্রত্যক্ষদর্শী সাব্বির হোসেন জানান, ফ্লাইওভার থেকে নামছিল তেলের লরিটি। পেছনে আসা অপর একটি ট্রাক ফ্লাইওভার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিকে ধাক্কা দিলে বড় একটি ফুটো দিয়ে তেল সড়কে ছড়িয়ে পড়ে।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকা-রংপুর মহাসড়কের তিনমাথা ফ্লাইওভারের সংযোগস্থলে নিরালা ফিলিং স্টেশনের সামনে তেলের লরিকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। তেল ছড়িয়ে পড়ার কারণে মূল ও পার্শ্ব সড়কে দুই-তিনটি মোটরবাইক পিছলে পড়ে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুই লেনে পানি ছিটিয়ে যানবাহন ও পথচারী চলাচলের উপযোগী করা হয়েছে।

মহাসড়ক ও ওভারব্রিজের সংযোগস্থলে নিরালা ফিলিং স্টেশনে কর্মরত ক্যাশিয়ার মোঃ জাহিদ হোসেন জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার পর কয়েকটি বাস স্টেশনে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিল। শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস সরে যাওয়ার পরই দুর্ঘটনাকবলিত তেলের লরিটি তাদের নজরে আসে।

ঢাকা মেট্রো -ট -১৮-৭৪৮১ নম্বরধারী লরিটির চালক মোঃ আলম জানান, মোকামতলা থেকে মজুমদার ওয়েল মিলের পরিশোধিত ২০ টন তেল নিয়ে তিনি ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় আনুমানিক ৫-৬ টন তেল সড়কে ছড়িয়ে পড়েছে বলে তিনি জানান।

বগুড়া সদর থানার উপপরিদর্শক মোঃ শাহিনুর রহমান শাহিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটকে থাকা তেলের লরি থেকে তেল লুট বন্ধ করে নিরাপত্তা জোরদার করে। এছাড়া সড়কের ওপর থাকা লরিটি পার্শ্ববর্তী স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের বগুড়া ডিপোর সামনে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। বর্তমানে লরিটি থেকে অপর একটি লরিতে নিরাপদে তেল স্থানান্তরের কাজ চলছে এবং পুলিশ সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184601