গাইবান্ধার পলাশবাড়ীতে সিলগালা করা ক্লিনিকে মিলল সরকারি ব্যবহৃত ইনজেকশন

গাইবান্ধার পলাশবাড়ীতে সিলগালা করা ক্লিনিকে মিলল সরকারি ব্যবহৃত ইনজেকশন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে সিলগালা করা একটি বেসরকারি ক্লিনিকে বিপুল পরিমাণ সরকারি ব্যবহৃত ইনজেকশন পাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে পলাশবাড়ী উপজেলা সদরের জনসেবা ক্লিনিকে এ অভিযান চালানো হয়। তল্লাশির সময় ক্লিনিকের নিচতলা ও দ্বিতীয়তলায় ব্যবহৃত সেফট্রিয়াক্সন ও ইসোমিপ্রাজল ইনজেকশন পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানান।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন আহমেদ খান এবং পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার প্রামাণিক ক্লিনিকের বিভিন্ন কক্ষ তল্লাশি করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, গত বছরের ৪ নভেম্বর ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনার পর জনসেবা ক্লিনিকটি সিলগালা করা হয়েছিল।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গোপনে ক্লিনিকটি আবার চালু করার খবর পেয়ে সেখানে গিয়ে সরকারি ওষুধের ইনজেকশন দেখতে পান। তবে তল্লাশির সময় ক্লিনিকের মালিককে পাওয়া যায়নি। পাওয়া সরকারি ওষুধগুলো জব্দ না করেই ক্লিনিকটি পুনরায় সিলগালা করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, সিলগালা করার পর অনুমতি ছাড়া ক্লিনিক চালু করা এবং সরকারি ওষুধ ব্যবহারের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184596