চাঁপাইনবাবগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে আবার বাইকারদের এক ঘন্টার হুড়োহুড়ি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : হঠাৎ করেই তেলের দাম বৃদ্ধির ঘোষণায় চাঁপাইনবাবগঞ্জ শহরের ফিলিং স্টেশনগুলোতে ১ ঘন্টার জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন পড়ে যায়। গতকাল রোববার রাত ১১টার দিকে টেলিভিশন, অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজেল, পেট্রোল ও অকটেনের মূল্য লিটার প্রতি প্রায় ২০ টাকা বৃদ্ধির খবর জানতে পেরে পূর্ব নির্ধারিত মূল্যে তেল সংগ্রহে ফিলিং স্টেশনে দ্রুত ছুটে যান বাইকাররা।
১ ঘন্টার মধ্যে তেল সংগ্রহে শুরু হয় বাইকারদের হুড়োহুড়ি। তবে এসময় শহরের কয়েকটি পাম্পে স্বাভাবিক তেল দেয়া বন্ধ করে দেয়া হয়। আবার কয়েকটি পাম্পে রেশনিং করে তেল দেয়া হয়। রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত চালু থাকা পাম্পগুলোতে বাইকাররা ভিড় করেন। অনেকে ঘুম থেকে উঠে ছুটে আসেন। কিছু প্রাইভেট কারকেও দেখা যায় তেল সংগ্রহ করতে। এসময় ডিজেল চালিত বাস, ট্রাকও পাম্পগুলোতে তেলের জন্য আসতে থাকে। তবে রাত ১২টা বাজার সাথে সাথে পাম্প মালিকরা নতুন মূল্য কার্যকর করেন।
শহরের বিশ্বরোড মোড়ের জেলার অন্যতম বৃহৎ ও ব্যস্ততম হোসেন পেট্রোলিয়ামের মালিক মোর্শেদ শিমুলের কাছে রাত ১২টার দিকে প্রায় ঘন্টাব্যাপী লাইনে থাকা অনেক বাইকার পূর্ব মূল্যে তেল দেবার দাবি জানান।
এদিকে শহরের ইসলাম ফিলিং স্টেশন ওই সময় খোলা থাকলেও তেল দেয়া বন্ধ রাখা হয়। এদিকে রাত ১২টার পর লাইনে দাঁড়ানো অনেক বাইকার নতুন মূল্যে তেল না কিনে হতাশ হয়ে চলে যান। তবে সরেজমিনে ঘুরে এই এক ঘন্টায় বা তার পরে শহরের কোথাও কোন বড় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184591