রংপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুর জেলা প্রতিনিধি : রংপুরের কোতয়ালী থানার স্টেশন রোড (চারতলা মোড়) ও সিটি বাজার এলাকায় তদারকি অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
প্রতিশ্রুতি পণ্য যথাযথভাবে বিক্রি না করায় আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্টেশন রোড (চারতলা মোড়) এলাকায় মেসার্স মিজান ফিলিং স্টেশন ও সিটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে মেসার্স মিজান ফিলিং স্টেশনকে পরিমাপে কারচুপি করায় ৪০ হাজার টাকা এবং সিটি বাজার এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা ও ক্রেতাকে ভাউচার না দেওয়ায় মামা-ভাগ্নে আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় আরোপিত মোট ৫০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।
এই তদারকি অভিযানে সহযোগিতা করেন রংপুর বিভাগীয় কার্যালয়ের বিএসটিআই-এর পরিদর্শক ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি-১৩)। অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184583