গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, শিক্ষক ও শিক্ষার্থীসহ ১৭ জন আহত, আটক ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিবেরবাজারে ডাঃ নুরুল সরকার স্কুল এন্ড কলেজে সংঘবদ্ধ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ক্লাস চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেসরকারি স্কুলটির মালিক লিটন মিয়ার সাথে বিবাদের জেরে পাশ্ববর্তী আব্দুল মান্নান ডিপটির নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ক্লাস চলাকালীন স্কুলটিতে হামলা করে। এ সময় তারা এলোপাথাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালায়। আকস্মিক এ হামলার সময় শিক্ষক ও শিক্ষার্থীরা প্রাণভয়ে বিভিন্ন দিকে ছুটোছুটি শুরু করে।
হামলায় দেশীয় অস্ত্র ও ইটের আঘাতে স্কুলের ৭ শিক্ষকসহ ১৭ শিশু শিক্ষার্থী আহত হয়। এ সময় সন্ত্রাসীরা চারটি মোটরসাইকেল এবং দুইটি ল্যাপটপ ভেঙে ফেলে। পরে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সাথে জড়িত জহুরুল ইসলাম ও সাগর মিয়া নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা শিক্ষক-শিক্ষার্থীরা হলেন- শিক্ষক শামীম মিয়া (৩৫), সোহেল সরদার (৩৩), মশিউর রহমান (৩২), জয় চৌধুরী (৩৫), অপু গুণ (৩৮) ও শিক্ষার্থী নাঈম ইসলাম (১৬), সাহেদ হোসেন (১৬), মেহেদী হাসান (১৬), রাসেল মিয়া (১৬), রিয়াদ (১৬), কবীর হোসেন (১৩), সাগর শেখ (১৪)। এছাড়াও স্থানীয় বাসিন্দা মিনি বেগম (৫০), জহুরুল ইসলাম (৩৫), নৈশ প্রহরী মাসুদ শেখ (৩৮)।
হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিপ্লব বিষয়টি নিশ্চিত করে জানান, ক্লাস চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠানে হামলার বিষয়টি খুবই নিন্দনীয়। এঘটনায় প্রশাসনিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184578