ঠাকুরগাঁওয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যে গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ফিডিংয়ের খাবারের সাথে দেওয়া দুধ পান করে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। মধুপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন, তুলসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ জন এবং মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও ৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে জানা গেছে।
এদিকে মধুপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাফি চৌধুরীর বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ প্রকাশের খবর পাওয়া গেছে। তবে প্রধান শিক্ষক মো. সাফি চৌধুরী বলেন, তিনি সরকারি ছুটিতে ছিলেন।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহাদুজ্জামান সজিব জানান, অসুস্থ শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অঞ্জন কুমার দাস জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশও অবগত রয়েছে এবং বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। তবে স্কুল ফিডিংয়ের দুধ পান করার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে কি না, তা তদন্ত ও চিকিৎসা সংক্রান্ত মূল্যায়নের পর নিশ্চিত হওয়া যাবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184577