ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ দফা সংঘর্ষে আহত ১০

ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ দফা সংঘর্ষে আহত ১০

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে চার বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ম্যাচে শেষ মুহূর্তে বল থ্রো-ইনকে কেন্দ্র করে কথা কাটাকাটির পর সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।

এসময়  লাঠিসোঁটা ও চেয়ার নিয়ে মারামারিতে আহত হন অন্তত সাতজন।

তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনকে নেওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।

পরে বিষয়টি মীমাংসায় দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে বসে প্রশাসন। অন্যদিকে বিকেল ৪টায় একই খেলাকে কেন্দ্র করে ফার্মেসি ও বায়োমেডিকেল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

একপযার্য়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংঘর্ষে তিনজন আহত হন। এতে দুটি আলাদা ঘটনায় চার বিভাগের অন্তত ১০ শিক্ষার্থী আহত হন।

ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। একইসঙ্গে বিষয়টি সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনও উদ্যোগ নিয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184545