গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে হানিওয়েল গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে হানিওয়েল গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) নগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় চার শতাধিক শ্রমিক সকালে কাজে যোগদান না করে কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন। এক পর্যায়ে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগান দেন তারা।

শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষ নির্ধারিত সময় পার হয়ে গেলেও বেতন পরিশোধ না করায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকরা জানান, দ্রুত দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

জুলেখা নামে এক নারী পোশাক শ্রমিক বলেন, বাজারে সব কিছুর দাম বেশি। দুই মাস ধরে কাজ করেও তিনি কোনো বেতন পাননি। তার পরিবার খেয়ে না খেয়ে দিন চালাচ্ছেন। এমন অবস্থায় তাদের বেতন পরিশোধ না করা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। 

আজিমুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, আমাদের বেতন দ্রুত পরিশোধ করতে হবে। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিব।  

এ বিষয়ে ওই কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে শ্রমিকদের সাথে আলোচনা করতে দেখা গেছে। দুপুর ২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকরা বর্তমানে কারখানার আশপাশে অবস্থান করছে। শ্রমিকদের দাবি দ্রুত মেটানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184519