লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার বগুড়ায় শত কোটি টাকা ছাড়াবে আউশ উৎপাদন
স্টাফ রিপোর্টার : বিগত কয়েক বছরের মধ্যে এবার আউশ চাষে অনুকূল আবহাওয়া পেয়েছেন বগুড়ার চাষিরা। পাশাপাশি বিগত কয়েক বছরের তুলনায় অসময়ের এই ধান চাষে প্রণোদনা বাড়ায় জেলায় এর উৎপাদন শত কোটি টাকা ছাড়িয়ে গেছে।
কৃষকরা বলছেন, আউশ ধান বৃষ্টি নির্ভর ফসল। চলতি মৌসুমে সময়মতো ও পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম খরচে এবার এই ফসল ঘরে তোলা যাচ্ছে। পাশাপাশি সহনীয় তাপমাত্রা ও অতিরিক্ত খরা না থাকা এবং ধানের বৃদ্ধি ও থোড় আসার সময়ে পর্যাপ্ত আর্দ্রতা থাকায় ধানের বৃদ্ধিও ভালো হয়েছে।
অনুকূল আবহাওয়া এবং অতি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা না হওয়ায় জমিতে পোকা ও রোগের আক্রমণ তুলনামূলক কম ছিল। অথচ বিগত বছরগুলোতে বগুড়াসহ উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় আউশ ধান চাষ এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। মূলত-পরিমাণ মতো বৃষ্টি, সেচের অভাব, পোকামাকড়ের আক্রমণ এবং জলবায়ু পরিবর্তন এর প্রধান কারণ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া সূত্রে জানা গেছে, গত বছর জেলায় ১৩ হাজার হেক্টর জমিতে ৪৫ হাজার ৯০৯ মেট্রিকটন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এবার ১২ হাজার ৭০২ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭ হাজার ৭৮৪ মেট্রিকটন। ৯৫ শতাংশ কাটা শেষে হেক্টর প্রতি ৩.২ মেট্রিকটন ফলনে এখন পর্যন্ত পাওয়া গেছে ৩৮ হাজার ৫৪৬ মেট্রিকটন, যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
এদিকে গত বছর এই ধান চাষে বগুড়ায় ১২শ’ কৃষকের জন্য প্রণোদনার বরাদ্দ ছিল মাত্র ৫৭ লাখ ১৯ হাজার টাকা। তবে এবার তা তিনগুণ বাড়িয়ে ২১শ’ কৃষকের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৬১ লাখ সাড়ে ১৭ হাজার টাকা। বগুড়ার কৃষি বিভাগের তথ্য বলছে, জেলায় আউশ ধান চাষে প্রতি কেজির খরচ পড়ছে সাড়ে ১৪ টাকা। আর হাট-বাজারে প্রতি কেজি ধানের দাম পড়েছে মানভেদে ২৭ থেকে ২৮ টাকা কেজি।
এছাড়াও বর্ষা মৌসুমে খড়ের বাড়তি যোগান আসায় গরুর খাবার নিয়ে কৃষকের চিন্তাও কম। খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার স্থানীয় হাট-বাজারগুলোতে প্রতি মণ আউশ ধান মানভেদে ১ হাজার ৮০ টাকা থেকে ১ হাজার ১২০ টাকায় বেচাকেনা হচ্ছে। ১১শ’ টাকা মণ ধরলেও এখন পর্যন্ত বগুড়া উৎপাদিত ধানের বাজার মূল্য দাঁড়ায় প্রায় ১১৩ কোটি ৫৯ লাখ ৭১ হাজার ৫৪০ টাকা।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান জানান, সম্পূর্ণ বৃষ্টি নির্ভর এই ধান চাষে বিগত কয়েক বছর আবহাওয়া অনুকূলে না থাকলেও এবার তা সম্পূর্ণ ভিন্ন। অনুকূল আবহাওয়ায় এবার বগুড়াতে আউশের ভালো ফলন হয়েছে। আউশ ধানের স্বল্প সময়কাল, কম সেচের প্রয়োজন এবং উচ্চ ফলনশীল জাতের ব্যবহারের মাধ্যমে সরকার আউশ চাষের উৎপাদন বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184455