বগুড়ার ‘নূর বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ার ‘নূর বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে মহানগরের ‘নূর বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মহনগরের ঠনঠনিয়া শাহ পাড়া এলাকায় অবস্থিত ওই বেকারিতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।

অভিযান পরিচালনাকালে বেকারিটিতে চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ প্রত্যক্ষ করা হয়। তদন্তকালে দেখা যায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারির বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে। মান যাচাইয়ের কোনো সনদ ছাড়াই ক্ষতিকর রাসায়নিক ফ্লেভার ব্যবহার করা হচ্ছে।

খাদ্যকর্মীরা ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই কাজ করছেন।  খাদ্য প্রস্তুতের জন্য খাদ্যবান্ধব ‘এসএস স্টিল’-এর টেবিলের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে নোংরা ও অপরিস্কার কাঠের টেবিল। প্রস্তুতকৃত পাউরুটি যত্রতত্র ময়লা মেঝেতে ফেলে রাখা হয়েছে।

এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক দোষ স্বীকার করায় ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে উক্ত বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠান মালিকের কাছে লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে।

অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসানসহ অন্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184447