একই দিনে দুই চ্যানেলে টুশি
অভি মঈনুদ্দীন ঃ নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশীন টুশি এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। যার কন্ঠের গান শুনে মুগ্ধ হয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা, তার কন্ঠের গান সবাইকে মুগ্ধ করবে এমনটাই স্বাভাবিক। সেই মুগ্ধতা ছড়িয়েই টুশি আগামীর পথে এগিয়ে চলেছেন গানে গানে। এরইমধ্যে দু’দিন আগে একইদিনে পরপর দুটি টিভি চ্যানেলে দুটি ভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন টুশি। কিছুদিন আগে তার বাবা মারা যান। স্বাভাবিকভাবেই জীবনে ছন্দপতন এসেছে, অনেক কিছুই কঠিন হয়ে গেলেও তা সামলে নেবার চেষ্টা করছেন টুশি। আগে যেখানে অনেক সিদ্ধান্ত নিতে বাবার সঙ্গে পরামর্শ করতেন টুশি। এখন তার পুরোটাই টুশি করেন মায়ের সঙ্গে। মা’কে সঙ্গে নিয়েই এখানে সেখানে ছুটে চলেন। জীবনে চলার পথে হঠাৎ করে এমন সময় আসবে এটা কল্পনাও করেননি টুশি। তারপরও জীবন চলছে জীবনের নিয়মে। টুশি জানান এরইমধ্যে তিনি বাংলাভিশনে ‘দিন প্রতিদিন’ নামক একটি টক শো’তে গল্প আড্ডায় মেতে উঠেছিলেন। যা শিগগিরই প্রচার হবে। এছাড়া একুশে টিভি’র ‘গানের ওপারে’ অনুষ্ঠানে তিনি চারটি গান গেয়েছেন। গানগুলো হলো সাবিনা ইয়াসমিনের ‘জনম জনম ধরে প্রেম পিয়াসী’,‘ সময় হয়েছে ফিরে যাবার’ এবং চিত্রা সিং-এর ‘মনে করো যদি সব ছেড়ে হায়’,‘ তুমি এসে আমার মনে ফাগুন জাগালে’ গানগুলো। আগামী ২৩ সেপ্টেম্বর তিনি বাংলাভিশনের মিউজিক্যাল লাইভ অনুষ্ঠান ‘মিউজিক ক্লাব’-এ গান গাইবেন।
এছাড়াও আগামী ৩০ সেপ্টেম্বর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশগ্রহন করবেন তিনি। টুশি বলেন,‘ সেরাকন্ঠতে চ্যাম্পিয়ন হবার পর থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই সবকিছু কেটে যাচ্ছে। তবে এটা সত্যি যে শো অনেক কমে গেছে। আমি কেন কারো হাতেই আগের মতো শো নেই। জানিনা এই মন্দা ভাব আসলে কবে শেষ হবে। আমরা যারা পেশাদার সঙ্গীতশিল্পী আমাদেরতো আাসলে স্টেজ শো’টাই বেশি ভরসার। সেই ভরসার জায়গাটার কর্ম যদি ছোট হয়ে আসে , কমে আসে তাহলেতো হতাশা কাজ করবেই নিজের মাঝে।
এরইমধ্যে দুটি চ্যানেল দুটি ভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করেছি, ভালোলেগেছে। আশা করছি প্রচারে এলে ভালোলাগবে শ্রোতাদের।’ এদিকে শিগগিরই প্রকাশ হবার কতথা রয়েছে টুশির কন্ঠে ‘জান পাখিরে প্রাণ পাখিরে’ শিরোনামের একটি গান। গানটি লিখেছেন শফিক তুহিন ও প্লাবন কোরেশী। সুর সঙ্গীত করেছেন শফিক তুহিন। টুশির সঙ্গে গেয়েছেনও তিনি। উল্লেখ্য, ২০২৩ সালের চ্যানেল আইয়ের ‘সেরাকন্ঠ’ প্রতিযোগিতায় সেরাদের সেরা’ (প্রথম) হয়েছিলেন টুশি। রুনা লায়লা গ্র্যাণ্ড ফিনালেতে সেরাদের সেরা হিসেবে টুশির নামটিই সবার আগে উচ্চারণ করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184423