অভিনয়ে অনবদ্য হয়ে উঠছেন পারিশা জান্নাত
অভি মঈনুদ্দীন ঃ পারিশা জান্নাত, এই প্রজন্মের দর্শকপ্রিয় একজন অভিনেত্রী। ছোটবেলায় ইচ্ছে ছিলো তার আইনজীবী হওয়ার। কিন্তু বড় বেলায় এসে সেই ইচ্ছেটা আর থাকেনি। প্রবল আগ্রহ জন্মায় একজন অভিনেত্রী হবার। যে কারণে একটু একটু করে সুন্দর সুন্দর গল্পের নাটকে অভিনয় করে পারিশা জান্নাত হয়ে উঠেছেন দর্শকের প্রিয়।
এরইমধ্যে তিনি শেষ করেছেন মাসুদ রানা অনিকের ‘নিমক হারাম’ এবং মাহমুদুল হাসান রানার ‘স্বার্থপর’ নাটকের কাজ। এছাড়াও আরটিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক সঞ্জিত সরকারের ‘ম্যানেজ মাস্টার’র নাটকের সাথেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে যুক্ত হয়েছেন। যে কারণে আরো বেশি উচ্ছ্বসিত তিনি। এদিকে আজ ২০ সেপ্টেম্বর পারিশা জান্নাতের জন্মদিন। জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন নেই তার। মায়ের সঙ্গেই জন্মদিনের পুরো সময়টা কাটাতে ভালোবাসেন তিনি।
পারিশা বলেন,‘ এরইমধ্যে যে নাটকগুলোর কাজ শেষ করেছি প্রতিটি নাটকেরই গল্প খুউব সুন্দর। আমার চরিত্রও এমন যে তাতে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। অভিনয় করে আমি তৃপ্ত। কিন্তু আগামীতে আমি আরো ভালো ভালো গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই। নিজেকে একজন নিখুঁত অভিনেত্রীতে পরিণত করতে চাই। আমাদের বহু সিনিয়র শিল্পী অভিনয়ে আলাদা সিগনেচার সৃষ্টি করেছেন। আমিও ঠিক তেমনটাই করতে চাই। অভিনয়ে অনবদ্য, অনন্য হয়ে উঠতে চাই। আর জন্মদিনে মায়ের সঙ্গেই কাটবে সময়। সবাই আমার জন্য দোয়া করবেন।’
অভিনয় জীবনের শুরুতেই বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘বউ বাছাই’, ‘নিষ্ঠুর’, ‘এ কেমন বিয়ে’, ‘নিমক হারাম’, ‘চালাক জামাই’, ‘প্রবাসীর ইলেকশন’ এবং ‘দুর্নাম’। প্রতিটি নাটকেই ভিন্ন ধরনের ও চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছেন পারিশা। অভিনেতা রাশেদ সীমান্ত, জাহের আলভী ও শামীম হাসান সরকারের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা সবচেয়ে বেশি। সহশিল্পীরাও তার অভিনয় নিয়ে আশাবাদী। তাদের বিশ্বাস, ভালো গল্প ও শক্তিশালী চরিত্রে কাজের সুযোগ পেলে পারিশা ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। অভিনয়জীবনের শুরু থেকে সহযোগিতার জন্য পরিচালক মাসুদ রানা অনিক, জিয়াউদ্দিন আলম ও নাজমুল রনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184417