মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে ক্যাম্প ডেভিডে অবকাশ কাটাতে গিয়ে নির্ধারিত সময়ের একদিন আগেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে চলে এসেছেন। যদিও আকস্মিক ফিরে আসার কারণ জানায়নি তার দপ্তর।
ক্যাম্প ডেভিড ম্যারিল্যান্ডের একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। যেখানে মার্কিন প্রেসিডেন্টরা প্রকৃতির সান্নিধ্যে অবকাশ বা ছুটি কাটাতে যান। গতকাল শনিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে। এ হামলার পর রিয়াদ বিমানবন্দর কাছের একটি তেল ডিপোতে বিশাল আগুন লাগে। রিয়াদে হুথিদের হামলার পর সৌদি আরব কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিনিদের জন্য সতর্কতা জারি করেছে। তারা বলেছে, সেখানে যে কোনো সময় পরিস্থিতির অবনতি ঘটতে পারে। ফলে সবাইকে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে। সতর্কতায় হুথিদের কথা উল্লেখ করে বলা হয়েছে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হয়েছে। তারা বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে।
সতর্কতায় আরও বলা হয়েছে, এই সামরিক সংঘাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিনিদের ওই অঞ্চলে যাওয়ার ক্ষেত্রে বিশেষ বিবেচনা নিতে বলা হলো।
গত জুলাইয়ে হুথি বিদ্রোহী ও ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। ইয়েমেনের সেনাদের পক্ষে সৌদি আরব বিমান হামলা চালানোয় হুথিরা সরাসরি সৌদির বিভিন্ন জায়গায় হামলা করেছে। তারা দেশটির রাষ্ট্রয়াত্ত্ব তেল রপ্তানিকারক আরামকোর একাধিক ডিপোকে টার্গেট করেছে। সূত্র : এএফপি
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184368