রাফিনহার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে দাপুটে জয় বার্সেলোনার
স্পোর্টস ডেস্ক : মৌসুমে টানা দ্বিতীয় হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সেই সেভিয়ার বিপক্ষে ৩-১ গোলের সহজ জয়ে লা লিগার শীর্ষে অবস্থান আরও শক্ত করলো বার্সেলোনা। এটি তাদের টানা সপ্তম জয়।
গতকাল শনিবার রাতে রামন সানচেজ-পিসহুয়ান স্টেডিয়ামে একের পর এক দারুণ ফিনিশিংয়ে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন রাফিনহা। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে তার গোলের সংখ্যা ১৪। গত বুধবার রেসিং রেসিং সান্তান্দারকে ৭-২ গোলে হারানোর ম্যাচেও ৩ গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যায় সেভিয়াই। ১৯ মিনিটে ফেলিক্স কোরেইয়ার ক্রস থেকে জাল খুঁজে নেন ইউসুফ ফোফানা। হেড থেকে গোল করেন তিনি। তবে মিনিট তিনেকের মধ্যেই বার্সাকে সমতায় ফেরান রাফিনহা। ভেতরের দিকে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে সেভিয়ার গোলরক্ষক ওদিসেয়াস ভ্লাখোদিমোসকে পরাস্ত করেন তিনি। পরের দুই গোলেই রাফিনহাকে সহায়তা করেন লামিনে ইয়ামাল। ৫২ মিনিটে গোলমুখ থেকে দূরে সরে গিয়ে কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে ইয়ামাল ক্রস বাড়ান রাফিনিয়ার উদ্দেশে। সাবেক লিডস ফরোয়ার্ড হেডে বল জালে পাঠান।
এরপর ৬৯ মিনিটে আবারও রাফিনিয়ার গোলের কারিগর ইয়ামাল। অসাধারণ এক পাসে গোলের সুযোগ তৈরি করে দেন তিনি। ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এরপর চমৎকার কৌশলে বলটি ভ্লাখোদিমোসের মাথার ওপর দিয়ে তুলে জালে পাঠান। লামিনে ইয়ামালের সহায়তায় দলের ও নিজের দ্বিতীয় গোল করেন রাফিনহা।
রাফিনিয়ার এই হ্যাটট্রিকেই নিশ্চিত হয় বার্সেলোনার টানা সপ্তম লিগ জয়। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা অষ্টম জয়। এই হারের পরও ১৩ পয়েন্ট নিয়ে লা লিগার পঞ্চম স্থানে রয়েছে সেভিয়া। এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্টস টেবিলে শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ও তৃতীয় স্থানে থাকা রিয়াল বেটিসের চেয়ে তারা ৬ পয়েন্ট এগিয়ে। তবে বার্সা একটি ম্যাচ বেশি খেলেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184347