অপ্রতীমের জানাজায় হাজারো মানুষের ঢল,প্রথম জানাজা সম্পন্ন
মফস্বল ডেস্ক : বিশ্ববিদ্যালয় শিক্ষক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
অপ্রতীমকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় মাঠে মানুষের ঢল নামে। এ সময় স্বজন, শিক্ষক ও সহপাঠীদের অশ্রুসজল উপস্থিতি পুরো এলাকায় এক হৃদয়বিদারক ও শোকাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা শেষে অপ্রতিমের লাশ কুমিল্লার গন্ধমতি ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ১১টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি পাহাড়ি জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। এরআগের দিন শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকায় বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার রাত ৮টার দিকে অপ্রতিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184338