কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক দিনের শোক, বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক দিনের শোক, বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিমের হত্যার ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এক দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এর একমাত্র সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতিম-এর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত এবং স্তব্ধ। বিশ্ববিদ্যালয় উক্ত বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছে।

বিশ্ববিদ্যালয় পরিবার এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি বিশ্ববিদ্যালয় পরিবার গভীর সমবেদনা জ্ঞাপন করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ (রোববার) বিশ্ববিদ্যালয়ে " সাধারণ শোক" ঘোষণা করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০ সেপ্টেম্বর, ২০২৬ (রোববার) বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত থাকবে। স্থগিতকৃত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক নোটিশের মাধ্যমে জানানো হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম নামের ১৩ বছরের এক কিশোর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে আর বাসায় ফেরেনি অপ্রতিম। পরে অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। 

নিখোঁজের পরদিন শনিবার দুপুর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184328