১১ দিন ভারতে আটক থাকার পর স্বজনদের কাছে ফিরল পাঁচ বাংলাদেশি
রাজশাহী প্রতিনিধি : টানা ১১ দিন ভারতে আটক থাকার পর স্বজনদের ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে রাজশাহীর বাঘা উপজেলার পাঁচ পরিবারে। গত ৭ সেপ্টেম্বর রাতে কুষ্টিয়ার বাংলাবাজার চর থেকে পাট কিনে নৌকায় বাঘায় ফেরার পথে পদ্মা নদীর তীব্র স্র্রোতে দিকভ্রান্ত হয়ে ভুল করে ভারতীয় সীমান্তে ঢুকে পড়েন পাঁচ বাংলাদেশি।
তাদের পাটবোঝাই নৌকাসহ আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ১১ দিন পর গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের সাগরপাড়া সীমান্তের বিএসএফ ক্যাম্প থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে আলাইপুর বিজিবি ক্যাম্পের মাধ্যমে তারা বাংলাদেশে ফেরেন।
ফিরে আসা পাঁচজন হলেন- বাঘা উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামের কলেজছাত্র মোশাররফ হোসেন (২২), শাহাবুল আলী (৪২), বাবর আলী (৪৫), নৌকার মাঝি আসাদুল ইসলাম (৪১) ও সাইফুল ইসলাম (৫৮)। আলাইপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পদ্মা নদীর তীরে স্বজনদের সাথে তাদের গ্রহণ করেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। পরে পাঁচজনকে পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184326