নাটোরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ঈশোরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলো- ঈশ্বরপাড়া গ্রামের আতিকুল ইসলামের সন্তান আতিয়ারা খাতুন(৯) ও আবু বক্কর(৬)।
স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির পাশে শিশু আতিয়ারা খাতুন ও আবু বক্কর খেলছিল। খেলার একপর্যায়ে পাশের একটি পুকুরে নেমে যায় তারা দু’জন। বিষয়টি তাদের পরিবারের কেউ টের পাননি। দীর্ঘসময় সন্তানদের না দেখে খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। বিকেল ৫টার দিকে পাশের পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে ভাই বোনের একসাথে মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184323