বগুড়ায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ ও র্যালি
শহর প্রতিনিধি : ৭ দফা দাবি আদায়ে বগুড়ায় বাংলাদেশ দলিল লেখক সমিতি জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলার দলিল লেখক সদস্যরা অংশ নেন। সমাবেশ শেষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা রেজিস্ট্রি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি মো. মোকছেদুর রহমান রোজীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা হাফিজ আহম্মেদ। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. জহুরুল ইসলাম টুকু।
বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রাজ্জাকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসাইন। সমাবেশ সঞ্চালনা করেন সমিতির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মতিন।
সমাবেশে বক্তারা রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানী ভাতা ন্যূনতম ৫ হাজার টাকা নির্ধারণ কর, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কারও দলিল মুসাবিদা ও দাখিল বন্ধে প্রজ্ঞাপন জারি করা, সমিতি বা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের লাইসেন্স প্রদান না করা, থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে বসার ও নামাজের স্থান নির্মাণ করা, জমি ক্রেতা-বিক্রেতার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে দলিল লেখা হয় বিধায় কোনো আইনি জটিলতায় দলিল লেখকদের আসামি না করা এবং অবিলম্বে ‘দলিল লেখক কাউন্সিল’ গঠনের অনুমতি প্রদান করার আহবান জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পেশাগত নানা সমস্যায় ভুগলেও তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হচ্ছে না। দ্রুত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ না করলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184297