মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।
 
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই প্রাইভেটকারের আরোহী, যার মধ্যে চালকও রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারগামী নিউ বলেশ্বর পরিবহন লিমিটেডের একটি যাত্রীবাহী বাস তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে চলে আসা একটি কালো রঙের প্রাইভেটকার ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। বাসের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে না পেরে প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয় এবং বাসটি রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে ভেতরে থাকা সবাই আটকা পড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
 
দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজল চন্দ্র সরকার জানান, হাসপাতালে আনা রোগীদের মধ্যে দুই নারী ও দুই পুরুষকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184265