এবার বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

এবার বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনের সড়কে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, বিটিভি ভবনের সামনে বিপরীত পাশের সড়কে ককটেল বিস্ফোরণ হয়েছে। এটি হাতিরঝিল থানা এলাকায় পড়েছে।

হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমরা এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

এরআগে, রাত ১০টা ১৪ মিনিটের দিকে রাজধানীর কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

তার আগে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে যাত্রাবাড়ীতে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দুর্বৃত্তরা। এতে এক রিকশাচালক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184212