বগুড়ার সান্তাহারে লাইসেন্সের নামে ভ্যান চালকদের কাছ থেকে চাঁদা আদায়, গ্রেফতার ২
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের পৌরসভার লাইসেন্স দেওয়ার কথা বলে চালক-মালিকদের কাছ থেকে ৬০০ থেকে ৭০০ টাকা করে আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সান্তাহার রেলগেটের পশ্চিম পাশে বাঁধন ফ্যাক্স দোকানের সামনে ঘটনাটি ঘটে। তারা হলো-উপজেলার বড়টিকরি গ্রামের হাফিজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৭) ও পৌর শহরের আসতুল সরকারের ছেলে আলম হোসেন (৫৬)।
মামলা সূত্রে জানা যায়, সান্তাহার পোস্ট অফিস মসজিদের গলিতে আতর-টুপির দোকানের মালিক বেলাল হোসেন খন্দকারের শ্বশুর ফারুক সরদার ব্যাটারিচালিত ভ্যান চালান। ঘটনার সময় ভ্যানচালক ফারুক সরদারের কাছ থেকে লাইসেন্সের কথা বলে ৭০০ টাকা দাবি করেন রবিউল ইসলাম।
বিষয়টি নিয়ে বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি আলম হোসেনের কাছ থেকে অটোরিকশা ও ভ্যানের লাইসেন্স নিয়ে বিক্রির কথা জানান। পরে আলম হোসেন ঘটনাস্থলে এলেও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি অনুমোদনবিহীন লাইসেন্স, মালিক লাইসেন্সের ৭টি বহি ও চালক লাইসেন্সের ৭টি বহি জব্দ করে। এ ঘটনায় বেলাল হোসেন খন্দকার বাদি হয়ে আদমদীঘি থানায় আটক দু’জনসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184195