বগুড়ার শেরপুরে অভিযোগ দিয়ে ফেরার পথে আবারো হামলার শিকার, আহত ৫
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, মারধর ও লুটপাটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে আবারো হামলার শিকার হয়েছেন বাচ্চু মিয়ার পরিবারের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এতে দুই বছর বয়সী শিশু ও নারীসহ ৫জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাধুবাড়ী গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে হামলা, মারধর, সোনার গহনা ও নগদ টাকা লুটের ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ করেন কাজলী বেগম (৩৮)।
অভিযোগে সাধুবাড়ী গ্রামের আয়নাল হকের ছেলে মোকাল্লেম হোসেন (৪৮), পিয়ার আলী (৩৫), মোকাল্লেম হোসেনের ছেলে সাগর আলী (৩০), আমেনা বেগম (৩০), খুকি বেগম (৬০), সখিলা বেগম (৪৫) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা হয়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড, বার্মিজ চাকু ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে বাচ্চু মিয়ার বাড়িতে গিয়ে গালিগালাজ ও মারধর করে।
এ সময় লোহার রডের আঘাতে বাচ্চু মিয়ার বাম হাতের তর্জনী ও ডান হাতের বৃদ্ধাঙ্গুলি জখম হয়। তাদের হাত থেকে বাচ্চুকে রক্ষা করতে গিয়ে কাজলী বেগম ও বাচ্চু মিয়ার স্ত্রী শিল্পী খাতুনও মারধরের শিকার হয়। হামলাকারীরা কাজলী বেগমের কানে থাকা সোনার গহনা ও ড্রয়ারে থাকা ৪২ হাজার টাকা নিয়ে যায়।
এ ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দিয়ে রাতে বাড়ি ফেরার পথে ফের হামলার শিকার হন অভিযোগকারীরা। এতে কাজলী বেগম, বাচ্চু মিয়া, তার স্ত্রী শিল্পী খাতুন (৩৪), তাদের দুই বছর বয়সী মেয়ে সিনথিয়া ও কৃষ্ণপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী শেফালি বেগম (৫০) আহত হন বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184191