পাবনার সুজানগর পৌর বাজারের প্রধান সড়ক দখল করে পাটের হাট

পাবনার সুজানগর পৌর বাজারের প্রধান সড়ক দখল করে পাটের হাট

সুজানগর (পাবনা) প্রতিনিধি: চলতি মৌসুমে পাবনার সুজানগর পৌর বাজারের প্রধান সড়ক দখল করে বসছে পাটের হাট। এতে বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের পাশাপাশি সড়কে চলাচলকারী যানবাহনের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, এ বছর সুজানগর উপজেলায় প্রচুর পরিমাণে পাট উৎপাদন হয়েছে। সে কারণে চলতি মৌসুমে সুজানগর পৌর বাজারে ব্যাপকভাবে পাট আনা হচ্ছে।

কিন্তু বাজারে পাটের হাট বসানোর জন্য নির্দিষ্ট কোন জায়গা নেই। তাছাড়া বাজারে রয়েছে চরম জায়গা সংকট। সেকারণে পৌর বাজারের প্রধান সড়ক দখল করে পাটের হাট বসানো হয়। বাজারের ভুক্তভোগী হোটেল ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, বুধবার ও রোববার পৌর হাটবার।

এদিন সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই সড়ক দখল করে পাটের হাট বসানো হয়। এসময় বাজারে আগত সাধারণ ক্রেতা-বিক্রেতা এবং সড়কে চলাচলকারী বাসসহ বিভিন্ন যানবাহনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় সড়ক দখল করে পাটের হাট বসানোর কারণে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়।

তাছাড়া বাজারে জায়গা সংকটের কারণে পাটের পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদেরও দুর্ভোগের শিকার হতে হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে শিগগিরই পাটের হাট অন্যত্র স্থানান্তর করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184169