সার্ক পুনরুজ্জীবনে ভুটানের জোরালো সমর্থন চাইল বাংলাদেশ
আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং দক্ষিণ এশিয়ার জনগণের সামষ্টিক কল্যাণ নিশ্চিত করতে সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের জোরালো সমর্থন চেয়েছে বাংলাদেশ।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জার্মানি যাওয়ার পথে ঢাকায় প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের প্রতিনিধিরা।দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৈঠকে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
আলোচনায় ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ভুটানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করা হয়। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্কের বিষয়টি তুলে ধরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে ভুটানের পরিকল্পিত ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) প্রকল্পে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার পেশাজীবী, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি পাঠিয়ে সহযোগিতা করার আগ্রহের কথাও জানানো হয়। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উদ্যোগ ও ভাবনার কথা বাংলাদেশ তুলে ধরেছে, তারও উল্লেখ করা হয়। এর আগে ১৬ সেপ্টেম্বর ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকেও সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চেয়েছিল বাংলাদেশ।