কক্সবাজারের পেকুয়ায় চাঁদা না দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩

কক্সবাজারের পেকুয়ায় চাঁদা না দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩

কক্সবাজারের পেকুয়ায় বাড়ি নির্মাণের সময় ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সাংবাদিক পরিবারের উপর নৃশংস হামলা চালিয়েছে স্থানীয় কিশোর গ্যাং।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পৌরসভার শেখের কিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন, একই এলাকার মৃত আমির হোসেনের পুত্র নুর মোহাম্মদ (৫০), তার স্ত্রী কহিনুর আক্তার (৪৫) ও ছেলে মনিরুল মোস্তফা (২৫)। হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্র কিরিচ ও হাতুড়ি দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করে।

অভিযুক্ত হামলাকারীরা হলেন, একই এলাকার মৃত শাহাব উদ্দিনের পুত্র কিশোর গ্যাং সদস্য শফিউল আলম, কোরবান আলীর পুত্র মোহাম্মদ আনিছ, মোহাম্মদ তারেক, মৃত শাহাব উদ্দিনের অপর পুত্র জয়নাল আবেদীন, আজিম উদ্দিন সহ অজ্ঞাত ৩/৪ জন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী নুর মোহাম্মদ তার নিজস্ব জায়গায় বাড়ি নির্মাণ করছিলেন। বাড়ি নির্মাণ শুরু থেকেই অভিযুক্তরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল এবং তার জায়গা জবরদখলের চেষ্টা চালায়। চাঁদা না দেওয়ায় তারা প্রতিনিয়ত তার পরিবারকে হুমকি-ধামকি ও বাড়ি নির্মাণে বাধা দিচ্ছিল। 

পরে নুর মোহাম্মদ চাঁদা না দিয়ে তার নিজ জায়গার ভেতরেই বাড়ির বেজের গর্ত করেন। বাড়ি নির্মাণ প্রায় শেষ পর্যায়ে এলে আজ সকালে সংঘবদ্ধ হয়ে তার পরিবারের উপর এই নৃশংস হামলা চালায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহতদের মধ্যে মনিরুল মোস্তফা অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভুক্তভোগী নুর মোহাম্মদ বলেন, আমার নিজের জায়গায় আমি বাড়ি নির্মাণ করছি। তারা এসে বলে বাড়ি করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে, না হলে বেজের গর্ত তাদের জায়গায় করতে হবে। এমনকি আমার জায়গা জোরপূর্বক দখল করে রাখতে চায়। তাদের চাঁদা না দেওয়ায় প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছিল। শুক্রবার সকালে এই কিশোর গ্যাংয়ের নেতৃত্বে আমার পরিবারের উপর হামলা করে। 

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184123