বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জালসনদ তৈরীর সরঞ্জামসহ আটক ১
শহর প্রতিনিধি: বগুড়া মহানগরের খান্দার গোহাইল রোডের একটি অনলাইন আবেদনের দোকান থেকে জাল জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র,সীল মোহর ও পাসপোর্ট তৈরীতে প্রয়োজন হয় এমন সরঞ্জামাদিসহ সাইফুল ইসলাম নামের একজন কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে পূর্বের তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু।
অভিযানে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উল্টোপাশের সড়কের ই-পাসপোর্ট কর্নারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকানের মালিক ও অপারেটর মোঃ সাইফুল ইসলামকে জাল সনদ তৈরীর কাজে ব্যবহার করা ২টি কম্পিউটারের সিপিইউ, মনিটর, প্রিন্টার,সীল ও অন্যান্য সরঞ্জামসহ আটক করা হয়। অভিযানে বেশকিছু জাল জাতীয় পরিচয়পত্র,বগুড়া সিটি কর্পোরেশনের ইস্যুকৃত জন্মসনদের নকল করে তৈরী করা জন্মসনদ, সিটি প্রশাসক ও স্যানিটেশন ইন্সপেক্টরের জালস্বাক্ষর সহ কয়েকটি নথি পাওয়া যায়।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু জানান, একজন ভুক্তভোগীর তথ্যের ভিত্তিতে ই-পাসপোর্ট কর্ণার নামের এই দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাল সনদ তৈরীর সরঞ্জামসহ দোকানটির পরিচাল কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের হাট বাজার পরিদর্শক আব্দুল হাই, বগুড়া সদর থানার সহকারী পরিদর্মক খালেক, সিটি কর্পোরেশনের নিয়োগকৃত স্বেচ্ছাসেবক এবং গার্ডবাহিনীর সদস্যরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184095