মেধাবীদের মূল্যায়ন না করা ও দুর্নীতির কারণে বাংলাদেশ পিছিয়ে: শিবির সেক্রেটারি

মেধাবীদের মূল্যায়ন না করা ও দুর্নীতির কারণে বাংলাদেশ পিছিয়ে: শিবির সেক্রেটারি

মেধাবীদের যথাযথ মূল্যায়ন না করা এবং সর্বগ্রাসী দুর্নীতির কারণেই বাংলাদেশ দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় রাজবাড়ী শহরের নান্নু টাওয়ারের রাজবাড়ী কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজবাড়ী জেলা শাখা এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সিবগাতুল্লাহ সিবগা বলেন, কোনো সমাজ তখনই এগিয়ে যায়, যখন মেধাবী তরুণদের উৎসাহ দেওয়া হয় এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা হয়। মেধার যথাযথ মূল্যায়ন না হলে একটি জাতির অগ্রগতি বাধাগ্রস্ত হয়।

তরুণদের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে মাদক তরুণ সমাজের জন্য বড় হুমকি। ভৌগোলিক অবস্থানের কারণে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে দেশে মাদক প্রবেশ করছে। তার দাবি, বর্তমানে এক কোটিরও বেশি তরুণ-তরুণী মাদকে আসক্ত। একটি জাতিকে ধ্বংস ও পিছিয়ে দেওয়ার জন্য মাদকই যথেষ্ট বলেও মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে শিবির সেক্রেটারি বলেন, আবু সাঈদসহ অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার দাবি সামনে এসেছিল। তবে পরিবর্তনের পরও মেধাবীদের বিভিন্নভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে সিবগাতুল্লাহ বলেন, স্বচ্ছ প্রক্রিয়ার পরিবর্তে শিক্ষক নিয়োগ আবারও স্কুল-কলেজের ব্যবস্থাপনা কমিটির হাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে তা দুর্নীতির নতুন সুযোগ তৈরি করতে পারে।

তরুণদের সৃজনশীলতা ও প্রতিবাদী শক্তির প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের তরুণরা অত্যন্ত সৃজনশীল। সরকারি প্রতিষ্ঠানে ঘুষের শিকার হয়ে এক শিক্ষার্থীর ‘ঘুষ ডট সাইট’ তৈরির ঘটনা যুবসমাজের প্রতিবাদী ও সাহসী ভূমিকার উদাহরণ। এই সাহস ধরে রাখতে পারলে তরুণদের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184052