ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম
স্পোর্টস ডেস্ক : এবারের ব্যালন ডি’অর লিওনেল মেসিরই জেতা উচিত বলে মনে করেন ইন্টার মায়ামির সহ-মালিক ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ২০২৬ মিশেলোব আল্ট্রা ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। জয়ের দুই গোলেই সরাসরি অবদান রেখেছেন মেসি। প্রথমটি করেছেন নিজেই, পরেরটি তার পাস থেকে হেডে করেছেন কাসেমিরো।
এই ম্যাচের ফল সরাসরি ব্যালন ডি’অর দৌড়ে কোনো প্রভাব ফেলছে না। তবে মেসির পারফরম্যান্সকে সামনে রেখে তার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বেকহ্যাম। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল টিভিকে দেয়া সাক্ষাৎকারে সাবেক ইংলিশ তারকা বলেছেন, গত এক বছরে মেসির পারফরম্যান্স নিয়ে সংশয়ের কোনো কারণ নেই।
এরপর মেসির বয়স ও পারফরম্যান্সের উদাহরণ টেনে বেকহ্যাম আরও যোগ করেন, ‘৩৯ বছর বয়সে একটি বিশ্বকাপে গিয়ে প্রতিটি ম্যাচে এমন প্রভাব ফেলা বিশেষ কিছু। এই বয়সে এই মানের ফুটবল আর কেউ খেলছে না। তাই ব্যালন ডি'অরের জন্য তার নাম বিবেচনা করাটা একেবারে যৌক্তিক। আমার মতে, পুরস্কারটি তারই পাওয়া উচিত। হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে বা জুড বেলিংহামের মতো দুর্দান্ত খেলোয়াড়রা তালিকায় থাকলেও লিওকে নিয়ে কথা বললে আমি সবসময়ই তার সবচেয়ে বড় সমর্থক।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184028