বিপিএলে দুর্নীতির অভিযোগ: ২ কর্মকর্তাকে নিষিদ্ধ করল বিসিবি

বিপিএলে দুর্নীতির অভিযোগ: ২ কর্মকর্তাকে নিষিদ্ধ করল বিসিবি

স্পোর্টস ডেস্ক : বিপিএলের ফিক্সিং নিয়ে নতুন করে দুটি দলের কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। তাদের পরিচয়ও প্রকাশ করেছে বিসিবি। এই দুজনের মধ্যে একজন দুটি দলের সাথে যুক্ত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, অভিযুক্ত দুই কর্মকর্তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

সাময়িকভাবে নিষেধাজ্ঞা পাওয়া দুজন হচ্ছেন মো. আব্দুল কাইয়ুম রাশেদ এবং মো. আমিন খান। বিপিএলের দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের মালিক ছিলেন কাইয়ুম রাশেদ। বিপরীতে আমিন ছিলেন একাদশ আসরে দুর্বার রাজশাহীর ও দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের টিম অফিসিয়াল (অপারেশন-ম্যানেজার)।

বিসিবি বিবৃতি লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিটের পরিচালিত তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। বিপিএলের একাদশ ও দ্বাদশ আসরকে ঘিরে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য প্রকাশে ব্যর্থতা, দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেওয়া বা বিলম্ব ঘটানোর অভিযোগ রয়েছে।’

আইসিসির দুর্নীতি বিরোধী ২.১.১, ২.৪.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গ করেছেন কাইয়ুম রাশেদ। যা অনৈতিকভাবে ম্যাচের ফলাফল প্রভাবিত করা, দুর্নীতির প্রস্তাবের বিষয়ে দুর্নীতি দমন কর্মকর্তাকে অবহিত না করা, তদন্তের কাজে অসহযোগিতা না করার কারণে।

অন্যদিকে ২.১.১, ২.১.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত আমিন খান। এ সব ধারা হচ্ছে, ম্যাচের ফলাফল প্রভাবিত করা, দুর্নীতিতে প্ররোচনা দেওয়া, তদন্তে অসহযোগিতা করা এবং প্রমাণাদি ধ্বংস করা বা তদন্তে বাধা দেওয়া।

নিয়ম অনুযায়ী জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় পাচ্ছেন অভিযুক্ত দুই কর্মকর্তা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184023