বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের সাথে মারামারি,৪ শিক্ষার্থী আটক
শহর প্রতিনিধি : বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে দূর্ঘটনায় আহত রোগীর বন্ধুদের সাথে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের মারামারির ঘটনা ঘটেছে।
জানা যায়, বুধবার রাতে মহানগরের বৌ-বাজার এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হন। তার বন্ধুরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে ট্রলি বহনের দায়িত্বে থাকা 'নাহিদ' নামের আনসার সদস্যদের সঙ্গে ওই তরুণের বন্ধুদের তর্কবিতর্ক ও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারা নাহিদকে মারধর করতে শুরু করেন। মারামারিতে চারজন আনসার সদস্য আহত হন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ মারধরের ঘটনা ঘটে।
আনসার সদস্য আহতের ঘটনায় জড়িত সন্দেহে চার কলেজ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, আটক চারজন হলেন—বোরহান উদ্দিন (১৮), তানভীর আহমেদ (১৭), সামির আহম্মেদ (১৮) ও রিশাদ (১৭)। তারা বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এবং বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। এই ঘটনায় জড়িত আরও কয়েকজন পালিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণ চিকিৎসার জন্য রাতে শজিমেক হাসপাতালে আসেন। জরুরি বিভাগের সামনে রোগীকে ওয়ার্ডে নেওয়ার জন্য ট্রলি সংগ্রহ করা নিয়ে ওই তরুণের বন্ধুদের সঙ্গে কর্তব্যরত আনসার সদস্যদের বাকবিতণ্ডা শুরু হয়। তর্কের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে যুবকেরা সংঘবদ্ধভাবে আনসার সদস্যদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন।
পরে, পুলিশ তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। আহত আনসার সদস্যরা হলেন—শাহিনুর (শাহীন), মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন ও আজাদ। তাদের শজিমেক হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/184005