নীলফামারীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন 

নীলফামারীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন 

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মোখছেদ আলী প্রামাণিককে (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মাসুদ করিম এ রায় দেন। সাজাপ্রাপ্ত মোখছেদ সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদার পাড়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী মোখছেদের নাতনির সাথে বাড়ির উঠানে খেলছিল। এসময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে মোখছেদ শিশুটিকে ভেতরে ডেকে নেন। একপর্যায়ে ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। শিশুটি পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে তার বাবা বাদি হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান রিনো বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। এক বছরে সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183995