লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

‎‎লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে মো. হবিবর রহমান ওরফে গোদা নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এস এম শফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। ‎মৃত্যুদণ্ডপ্রাপ্ত হবিবর রহমান পাটগ্রাম উপজেলার উফারমারা (প্রধানপাড়া) গ্রামের মো. আছির উদ্দিন ওরফে কাল্টার ছেলে।

‎মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ মার্চ রাতে পাটগ্রাম উপজেলার রহমানপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আফাজ উদ্দিন স্থানীয় বাজার থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে কাঁচা রাস্তার ওপর ওঁৎ পেতে ছিলেন আসামি হবিবর রহমান।

এ সময় আকস্মিকভাবে তিনি তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আফাজ উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

‎এ ঘটনায় নিহতের ভাই মো. রমজান আলী বাদি হয়ে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এদিন এই রায় প্রদান করেন।

‎রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রোসিকিউটর (এপিপি) এডভোকেট শামসুল আলম মিলন সন্তোষ প্রকাশ করে জানান, এই ন্যায়বিচার সমাজে অপরাধ প্রবণতা কমাতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে আসামির এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183994