ঠাকুরগাঁওয়ে জুয়া খেলায় জড়িত পলাতক পুলিশ সদস্য কারাগারে
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়া খেলার ঘটনায় জড়িত পলাতক পিবিআই কনস্টেবল মো. শহিদুল ইসলামকে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এতে এ ঘটনায় মোট গ্রেফতারকৃত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়াল ৫ জনে। একই সাথে গ্রেফতারকৃত সকল সদস্যকে পুলিশের শৃঙ্খলা বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঠাকুরঁগওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেন।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ প্রধান। কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি নিজের ব্যক্তিগত অনুভূতি ও দায়বদ্ধতার কথা তুলে ধরেন তিনি। বিভাগীয় ব্যবস্থার বিষয়ে এসপি বেলাল হোসেন বলেন, নিয়ম অনুযায়ী কোনো পুলিশ সদস্য ফৌজদারি অপরাধে গ্রেফতার বা আদালতে আত্মসমর্পণ করলে তাকে সঙ্গে সঙ্গে সাময়িক বরখাস্ত করা হয়।
গ্রেফতার হওয়া সদস্যদের বিরুদ্ধেও এই আদেশ কার্যকর হচ্ছে। থানায় নিয়মিত ফৌজদারি মামলার তদন্তের পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা গঠন করা হবে এবং একজন আলাদা তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তবে আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত বিভাগীয় প্রসিডিংস আনুষ্ঠানিকভাবে শেষ করা যায় না।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183986