বগুড়ার ধুনটে কর্মকর্তার সামনে ডিলারশিপ প্রার্থীর ওপর হামলা, তদন্ত স্থগিত

বগুড়ার ধুনটে কর্মকর্তার সামনে ডিলারশিপ প্রার্থীর ওপর হামলা, তদন্ত স্থগিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ প্রত্যাশির আবদেনপত্র সরেজমিন তদন্তকালে তদন্তকারী কর্মকর্তার সামনে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন আবেদনকারী মাহমুদ আলম (৩৬)। তিনি উপজেলার হাসাপোটল গ্রামের আবু তালেবের ছেলে। এ ঘটনায় মাহমুদ আলম বাদি হয়ে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী পয়েন্টের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপের আবেদন করেন ৫ জন। এরমধ্যে মাহমুদ আলমও একজন আবেদনকারী। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম ও উপ-খাদ্য পরিদর্শক কামরুজ্জামান খাদ্যবান্ধব কর্মসূচির বিলচাপড়ী পয়েন্টে সরেজমিন তদন্তে যান। এ সময় তদন্ত কার্যক্রম চলাকালে পূর্ব বিরোধের জের ধরে মাহমুদ আলমের ওপর হামলা চালান বিলচাপড়ী গ্রামের ওয়ারেছ ও সাজেদ।

প্রতিপক্ষের হামলায় আহত হন মাহমুদ আলম। এ ঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তদন্ত কার্যক্রম স্থগিত করে কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় সাজেদ ও ওয়ারেছ আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন মাহমুদ আলম।

এ বিষয়ে অভিযুক্ত সাজেদ আলী বলেন, গুদাম ঘরের ভূয়া চুক্তিপত্র নিয়ে ঘর মালিকের সঙ্গে মাহমুদ আলমের কথা কাটাকাটি হয়। এ সময় ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টাকালে মাহমুদ আলমের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

ধুনট উপজেলা খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, তদন্ত চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হওয়ায় তদন্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীসময়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183953