ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে নগদের সচেতনতামূলক কর্মশালা

ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে নগদের সচেতনতামূলক কর্মশালা

[ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার] মোবাইলে আর্থিক সেবাদানের ক্ষেত্রে অপরাধ শনাক্তকরণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ঢাকা উত্তর ও দক্ষিণের ডিস্ট্রিবিউটরদের মধ্যে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক (এএমএল) একটি কর্মশালা সম্পন্ন করেছে।

ঢাকার শেরাটন হোটেলে গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মশালায় মানি লন্ডারিং প্রতিরোধের প্রয়োজনীয়তা, সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্র, ডিস্ট্রিবিউটরদের সচেতনতা বৃদ্ধির উপায়, সন্দেহজনক লেনদেন রিপোর্টিং এবং প্রতারণা প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় অনলাইন জুয়া প্রতিরোধ, মানিলন্ডারিং এবং সাইবার সিকিউরিটি আইনসমুহের বিভিন্ন ধারা-উপধারা অনুসারে সংশ্লিষ্ট অপরাধ হলে তার শাস্তি ও অপরাধ প্রতিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, নগদের ব্যবসা পরিচালনার অন্যতম প্রধান চালিকাশক্তি এর উদ্যোক্তা ও শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। তাই উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা এবং মানি লন্ডারিং প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগদ নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ডিস্ট্রিবিউটরদের সচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী এমন উদ্যোগ অব্যাহত রাখবে।

প্রতারণাসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্টদের করণীয়, সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ ও রিপোর্টিং প্রক্রিয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতার গুরুত্ব নিয়েও কর্মশালায় আলোচনা করা হয়।

কর্মশালায় নগদে নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে যেকোনো আর্থিক অপরাধ প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছি এবং প্রায় সব ক্ষেত্রেই আমরা সাফল্য পেয়েছি।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান আজাদ কর্মশালায় বলেন, যেকোনো জুয়া প্রতিরোধের বিষয়ে সরকার খুবই আন্তরিকভাবে কাজ করছে। গত জুলাইয়ে জুয়া প্রতিরোধে আইন পাস হয়েছে, যা অত্যন্ত কার্যকরী এবং সময়োপযোগী।

নগদের চিফ কমপ্লায়েন্স অফিসার ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) মুহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূইয়া, চিফ স্ট্রাটেজিক রিলেশন্স অ্যান্ড এলইএ অপারেশন্স অফিসার এম মাহবুব আলম বক্তৃতা দেন। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার বিভিন্ন চ্যালেঞ্জ, মানি লন্ডারিং প্রতিরোধে করণীয় এবং নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কর্মশালায় মতবিনিময় করা হয়। ডিস্ট্রিবিউটররাও আইনের বিভিন্ন দিক এবং সংশ্লিষ্ট বিষয়ে করণীয় নিয়ে প্রশ্ন করলে আলোচকেরা সেসবের উত্তর দেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183951